“রাজনীতি নয়, লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার”— এনসিপির অভিযোগ

Unknown
প্রকাশ :
“রাজনীতি নয়, লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার”— এনসিপির অভিযোগ


ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের তিন মাস পূর্তিতে সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনামুখর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, রাজনৈতিক ও গঠনমূলক কার্যক্রমের বদলে সরকার লোক দেখানো জনপ্রিয়তা অর্জনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই গণতন্ত্র ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং রাজনৈতিক ইস্যুগুলোকে গুরুত্ব না দিয়ে সরকার বেশি পপুলিস্ট কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি রাজনৈতিক সংকট ও শাসনব্যবস্থার মৌলিক বিষয়গুলোতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার বিভিন্ন ধরনের কার্ড ও সহায়তা কার্যক্রম চালু করলেও এসব প্রকল্পের অর্থায়নের উৎস, পরিকল্পনা ও কাঠামো সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে রয়েছে, সেই জায়গায় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় বিএনপি নেতৃত্বাধীন সরকার। একইসঙ্গে সংসদে বিরোধী জোটের সদস্যরাও শপথ নেন। বর্তমান সংসদে এনসিপির রয়েছে ৬টি আসন এবং বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংসদের প্রথম অধিবেশন গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদের শপথ ও জ্বালানি তেলের মূল্যসহ নানা ইস্যুতে ছিল বেশ সরব ও ঘটনাবহুল। সরকার ও বিরোধীদলের মধ্যে মতবিরোধের পাশাপাশি কয়েকটি বিষয়ে ঐকমত্যও দেখা গেছে।

নিজেদের মূল্যায়নে আখতার হোসেন বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদীয় কার্যক্রম সম্পর্কে এখনও অনেক কিছু শেখার রয়েছে। সময়ের সঙ্গে সেই অভিজ্ঞতা বাড়লে সংসদে আরও পরিণত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে এনসিপি।

এদিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দলগুলো রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা।