অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কালশীবাসীর মুখে খাবার তুলে দিল আনসার-ভিডিপি

ন্যাশনাল টুডে নিউজ ডেস্ক
প্রকাশ :

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। ঈদুল আজহার ত্যাগ ও সহমর্মিতার চেতনাকে সামনে রেখে শনিবার (৩০ মে) বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৫ মে কালশী বস্তিতে সংঘটিত অগ্নিকাণ্ডে বহু ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হন এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে ঈদের আনন্দঘন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাবার বিতরণের এই উদ্যোগ কিছুটা স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে। কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালে মানবিক সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাহিনীটি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির পরিচালক (উইং) শুভ্র চৌধুরী। এছাড়া ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপ-পরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।