দিন-রাত বালু ও পাথর পরিবহন: কোম্পানীগঞ্জে ভারী যান চলাচলে পাকা সড়ক এখন খানাখন্দে ভরা ফাঁদ

ন্যাশনাল টুডে নিউজ ডেস্ক
প্রকাশ :

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: 


 দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় সোনাই নদী থেকে বালু পরিবহনের ব্যস্ততা, আর রাত গভীর হলেই শুরু হয় পাথর পরিবহনের তোড়জোড়। একের পর এক ট্রাক্টর ও ট্রলি ধেয়ে চলে গ্রামের সরু সড়ক দিয়ে। ভারী এসব যানবাহনের অবিরাম চলাচলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নভাগী গ্রামের একসময়ের পাকা সড়কটি এখন খানাখন্দে ভরা অত্যন্ত বিপজ্জনক পথে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের বেলায় সোনাই নদী থেকে বালু এবং রাত ১২টার পর থেকে ভোররাত পর্যন্ত শাহ আরেফিন টিলা থেকে অবাধে পাথর পরিবহন করা হয়। এসব অবৈধ ও ভারী যানবাহনের অতিরিক্ত চাপে গ্রামীণ সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও উঠে গেছে ইট, আবার কোথাও ভেঙে চৌচির হয়ে গেছে পাকা অংশ। এর ওপর সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধুলাবালি। ফলাফলে, সড়কটি এখন নভাগী গ্রামের সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের জন্যও চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়রা আক্ষেপ করে জানান, বিশেষ করে রাত ১২টার পর থেকেই গ্রামে ট্রাক্টর ও ট্রলির দাপট বহুগুণ বেড়ে যায়। একটির পর একটি পাথরবোঝাই ভারী যানবাহন বিকট শব্দে গ্রামের সড়ক দিয়ে ছুটে চলে এবং এই তাণ্ডব চলে টানা ভোর পর্যন্ত। এতে একদিকে যেমন গ্রামীণ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হচ্ছে, অন্যদিকে ধুলাবালি ও বিকট শব্দে সাধারণ মানুষের ঘুম ও জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দ্রুত এই অবৈধ বালু-পাথর পরিবহন বন্ধ এবং ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।